
চট্টল সময় প্রতিবেদক ঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী অর্ণব সাহা পুকুরের পানিতে ডুবে মারা গিয়েছিলেন গত ২৮ জুলাই। এই মেধাবী শিক্ষার্থীও তার মৃত্যুও শোক না কাটতেই ১৫ দিন পর কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন একই পুকুরে ডুবে মর্মান্তিক ভাবে মারা গেলেন আরো দুই শিক্ষার্থী।
১২ আগস্ট বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনায় মারা যাওয়া দুই মেধাবী শিক্ষার্থীর একজন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের চমক দত্ত এবং অপরজন একই বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। তারা দুইজনই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বাসিন্দা। চুয়েট এর সাধারণ শিক্ষার্থীরা বলেছেন দুপুর দেড়টার দিকে মারা যাওয়া দুই শিক্ষার্থী সহপাঠীদের সাথে গোসল করতে নেমেছিলেন।
অনেকেই পুকুরে সাঁতরানোতে মনোযোগি ছিল। হঠাৎ তাদের কয়েকজনের নজরে আসে তাদের দুই সহপাঠি পুকুরে ডুবে যাচ্ছে। এসময় সহপাঠিরা তাদের উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা চালায়। প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে প্রথমে সহপাঠিরা উদ্ধার করে চমক দত্তকে। তাকে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। পরে পাঠানো হয় নগরের একটি হাসপাতালে সেখানে চিকিৎসক চমককে মৃত ঘোষনা করে। আরো অনেকক্ষণ পর পুকুর থেকে শান্তের নিথর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাকেও চিকিৎসক মৃত ঘোষনা করেন। এই মর্মান্তি ঘটনার কথা শুনে চুয়েট এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।





