
চট্টল সময় প্রতিবেদক ঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তার বিধানে ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। প্রশাসন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সকল শিক্ষার্থীকে সতর্ক করে বলেছে পরবর্তী না দেওয়া পর্যন্ত পুকুরে নামা যাবে না। পুকুরে গোসল ও সাঁতার কাটা বন্ধ থাকবে।
গতকাল ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর সাথে মতবিনিময় সভা করেছেন।
একাডেমিক কাউন্সল কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভায় চুয়েট এর বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে শিক্ষার্থীরা পুকুরে তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক প্রস্তাব আনেন। বরণকারী চুয়েটের ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চমক দত্ত এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, ছাত্র-ছাত্রীদের সুরক্ষা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, ভবিষ্যতের করণীয়, রোডম্যাপ তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। নেয়া হয় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, “আমি যোগদানের পর কয়েকটি কার্যদিবস পার করেছি মাত্র। এই সীমিত সময়ের মধ্যে চেষ্টা করেছি সমস্যা, সম্ভাবনা ও করণীয়গুলো নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে। আমরা পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি ব্যক্তিগতভাবে প্রচলিত কোন আশ্বাস নয়, কাজে বিশ্বাসী। আমি চুয়েট এর বিভিন্ন রিসোর্স, অফিস, শাখাগুলোকে অধিকতর ফাংশনাল করতে চাই। যে যার অবস্থান থেকে সর্বোচ্চ দিবে এই প্রত্যাশা করি। আমার প্রিয় ছাত্র-ছাত্রীদের সাথে ইন্টার্যাকশন, শেয়ারিং অব্যাহত রাখতে চাই। উভয় দিক থেকে শেয়ারিং থাকলে যেকোন সমস্যার দ্রুত সমাধান করা যায়। আশা করি, সকলে মিলে কাজ করলে ভবিষ্যতে অনেক বড় সাফল্য আসবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, উপ-পরিচালক অধ্যাপক ড. আবু মো: মোয়াজ্জেম হোসাইন, সহকারী পরিচালক জনাব মো: মাসুম রানা প্রামাণিক, উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা জনাব আইদিত ইবনে মঞ্জু প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৮ জুলাই চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না গত বুধবার একই পুকুরে পানিতে ডুবে মারা যায় বিশ্ববিদ্যালয়ের আরো দুই মেধাবী শিক্ষার্থী। সর্বশেষ মারা যাওয়া শিক্ষার্থীরা হচ্ছেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। তারা দুজনই ছিলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।





