আল্লামা সৈয়দ মুহাম্মদ পীর সাবির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী) এর নেতৃত্বে রাজধানীতে বিশাল জশনে জুলুস

চট্টল সময় ডেক্স ঃ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অন্তরে ধারণ করে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। ২৩ আগস্ট আওলাদে রাসূল ও রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হযরতুলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ পীর সাবির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী) রাজধানীর মোহাম্মদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিশাল জশনে জুলুস ও মাহফিলে এই অভিমত ব্যক্ত করেন।

আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার ব্যবস্থাপনায় ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকার তত্বাবধানে বিশাল এই জশনে জুলুস শুরু হয় সকাল ১০টায় মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে। জুলুসটি তাজমহল রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। সেখানে হাজার হাজার মানুষের অংশগ্রহনে শুরু হয় মাহফিল । সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ পীর সাবির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী) ।
তিনি সভাপতির বক্তব্যে বলেন, মহানবী (সা.) সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমত এবং আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর রহমত লাভের কারণে আনন্দ প্রকাশ ও খুশি উদযাপন করাও আল্লাহর নির্দেশ। কুরআনের নির্দেশনা অনুসরণ করেই প্রিয় নবীজির শুভাগমনের দিন লক্ষ লক্ষ আশেকে রসুল (সাঃ) জুলুসের মাধ্যমে দিনটি উদযাপন করেন।

 

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ কাশিম শাহ এবং সৈয়দ আকিব আহমদ শাহ। বক্তব্য রাখেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী, আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, মুখপাত্র অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
মাহফিলের শেষ পর্বে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

 

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত