
রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতঘরের রান্নাঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। একই সাথে পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকিরও অভিযোগ উঠেছে। ২১ জুলাই মঙ্গলবার এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী উম্মে তৈয়বা রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোশারফ আলী বাড়িতে দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় বসতভিটায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন, ঘরবাড়ি ভাঙচুর এবং জায়গা দখলের হুমকি দিয়ে আসছিল।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী উম্মে তৈয়বার দাবি, গত ১৮ জুলাই দুপুরে মো. ইমন প্রকাশ মানিক তাদের বসতঘরের রান্নাঘর ভেঙে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করে। এর পরদিন ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে ইমন প্রকাশ মানিকের নেতৃত্বে ৪/৫ জন বসতভিটায় প্রবেশ করে রান্নাঘর ভাঙচুর করেন। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের বাদী উম্মে তৈয়বা বলেন, “অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাদের ভয়ভীতি দেখিয়ে আসছে। সর্বশেষ হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”
প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের মা জরিনা বেগম অভিযোগ করে বলেন, “আমার ঘরে হামলা চালিয়ে রান্নাঘর ভেঙে ফেলেছে। আমাদের মারধর করেছে এবং জায়গা ছেড়ে না দিলে আরও বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েছে।”
স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল ওয়াব বলেন, বিরোধীয় জায়গাটি আমি বিক্রি করেছি। ওরা জোর পূর্বক দখল নিতে চাই।
এ বিষয়ে রাউজান থানার অধিন চিকদাইর পুলিশ ফাঁড়ির অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সুমন সরকার বলেন, প্রবাসীর ঘর যখন ভাংচুর করে তখন পরিবারের কেউ ঘরে ছিল না জানতে পেরেছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে অভিযোগটি মামলা নিয়মিত মামলা হিসাবে রুজু করা হবে।





