
চট্টল সময় ডেক্স ঃ
অভিমান করে ঘর থেকে বউ চলে গেছে। বিরহ বেদনায় বিষপান করে আত্মহুতি দিলেন বউ পাগল এক যুবক। এই ঘটনাটি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের কোম্পানি টিলা এলাকার। আত্মহুতি দেয়া যুবক একজন কৃষক। নাম মোহাম্মদ পারভেজ (২৮) । তিনি হারুয়ালছড়ি ৯ নম্বর ওয়ার্ড নুর আহমদ মুন্সীর বাড়ির মোহাম্মদ আলম সওদাগরের ছেলে। স্থানীয় সূত্র সমূহ থেকে জানা যায় প্রায় বছরখানেক আগে পারভেজ বিয়ে করেছিলেন। সংসারের নানা কারণে বউয়ের সাথে তারা কথাকাটি হতো। একারণে হঠাৎ করে বউ ঘর ছেড়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে পারভেজ।
এক সময় বুক ভরা হতাশার মধ্যে গত রোববার (৭ জুন) পারভেজ সকলের অজান্তে বিষপান করে ছুটে যায় তার বড় ভাই মোহাম্মদ আব্দুল হালিমের কাছে। কাতরাতে কাতরাতে বলে আমাকে ক্ষমা করে দিও। আমি বিষপান করেছি’। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। এই ঘটনায় সকলেই ধরাধরি করে তাকে দ্রুত নিয়ে যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ জুন) তার মৃত্যু হয়। ভূজপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনা স্বীকার করে বলেছেন বিষপানকারী যুবক মানসিকভাবে অসুস্থ ছিল। কীটনাশক পানের পর তাকে পরিবারের সদস্যরা চমেক হাসপাতালে ভর্তি করিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানান লাশ পাঁচলাইশ থানায় রয়েছে। পরিবার থেকে অভিযোগ বা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





